ফিল্মি কায়দায় পকেটমার হয়ে যাওয়া সাড়ে তিন ভরি ওজনের সোনার গয়না সহ এক মহিলাকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,গত শনিবার দক্ষিন দিনাজপুরের বালুরঘাটে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন,পুরাতন মালদার বাচামারি এলাকার বাসিন্দা এক দম্পতি। শনিবার সকাল নয়টা নাগাদ তারা বিয়ের যৌতুক হিসেবে প্রায় সাড়ে তিন ভরি ওজনের সোনার গয়না একটি ব্যাগে নিয়ে মালদা শহরের রথবাড়ি থেকে বালুরঘাট গামী একটি বাসে উঠেন। কিছুদূর যাওয়ার পর দম্পতির নজরে পরে ব্যাগটি কাটা এবং গয়নার প্যাকেট উধাও। তড়িঘড়ি বাস থেকে নেমে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন,দম্পতি বিধান মানি এবং স্বপ্না মানি। এরপর সত্য ভট্টাচার্যর নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ তদন্ত শুরু করে। মালদা শহরের ঝলঝলিয়া এলাকা থেকে ঝুম্পা বেদ (৩২) নামে এক মহিলাকে আটক করে। ওই এলাকা থেকে সোনার গয়নাও উদ্ধার করে পুলিশ। দম্পতি জানিয়েছেন,ধৃত মহিলাকে রথবাড়ি এলাকায় বেশ কয়েকবার ঘুরাঘুরি করতে দেখেন তারা। তবে এর পেছনে আরো কেউ রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। গয়না ফেরৎ পেয়ে খুশি দম্পতি।
মালদা